রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ
১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, জননীতি বিশ্লেষক ও সমাজ সংগঠক ড. ফয়েজ উদ্দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা ও আন্তর্জাতিক সংযোগ কাজে লাগানোর বিভিন্ন সম্ভাবনার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে দেশের টেকসই উন্নয়ন, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।
ড. ফয়েজ উদ্দিন বলেন, প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিট্যান্স পাঠিয়েই নয়, নিজেদের পেশাগত অভিজ্ঞতা, ব্যবস্থাপনা দক্ষতা, বিনিয়োগ সক্ষমতা ও আন্তর্জাতিক যোগাযোগ কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
যুক্তরাজ্যে স্থানীয় সরকার ও জননীতি নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের কল্যাণমূলক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজে লাগানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ড. ফয়েজ উদ্দিনের দীর্ঘদিনের প্রবাসী কমিউনিটি কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে তার ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে ড. ফয়েজ উদ্দিন রাষ্ট্রপতির মূল্যবান সময়, আন্তরিকতা ও সৌজন্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক শুধু আবেগের নয়, এটি দায়িত্ব ও অবদানের সম্পর্ক। দেশ ও মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান ও সামর্থ্য কাজে লাগাতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ড. ফয়েজ উদ্দিনের নেতৃত্বাধীন ‘নিউ হোপ গ্লোবাল’ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক সংহতি, শিক্ষা এবং সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় কাজ করে আসছে।