বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী ছন্দারিয়া গ্রামে শিল্পীর বাস্তুভিটায় দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মসূচির শুরুতে বিনয়বাঁশী জলদাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সঙ্গে তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও মাল্যদান করা হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৩টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় উদ্বোধনী ঢোলবাদনের মধ্য দিয়ে সাংস্কৃতিক কর্মসূচি শুরু হবে। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে সংগীতানুষ্ঠান। বিকেল ৪টা ৪০ মিনিটে জন্মদিনের কেক কাটা এবং ৫টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পী বিধান দাস একক সংগীত পরিবেশন করবেন। পরে সন্ধ্যা ৭টায় বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানান, বিনয়বাঁশী জলদাস ছিলেন উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও লোকশিল্পী। তাঁর অনন্য শিল্পসাধনা এবং লোকসংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তাঁর শিল্প-ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক ও বিনয়বাঁশী জলদাসের পুত্র বাবুল জলদাস, সংগঠনের সভাপতি রানু মজুমদার এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস শিল্পী, সংস্কৃতিকর্মী, সংগঠক, সুধীজনসহ সর্বস্তরের সংস্কৃতিপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন।