বিজিবির বিশেষ অভিযানে পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার; সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) ভোরে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামের পাকা রাস্তায় যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে এক মোটরসাইকেল আরোহী পালানোর চেষ্টা করেন। পরে টহল সদস্যরা শটগান দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে ওই আরোহী মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়েন।
পরবর্তীতে তাকে তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ নিয়ে মোট দুটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও দুটি মোটরসাইকেলের মোট সিজার মূল্য ৪ লাখ ৩৫ হাজার ৮০০ টাকা।
আটক মো. মশিউর রহমান ভোলাহাট উপজেলার তিলকী (সুরানপুর) গ্রামের জেম আলীর ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়কের বক্তব্য
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি সব ধরনের অস্ত্র-গোলাবারুদ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।