মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ২৮৬ পিস ইয়াবাসহ আরাফাত হোসেন সম্রাট (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১১।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত সুধারাম মডেল থানাধীন জালিয়াল গ্রামের মাঝি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আরাফাত হোসেন সম্রাট জালিয়াল গ্রামের মাঝি বাড়ির মৃত গোলাম নবীর ছেলে। তিনি নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী ও এসআরবি-১১, সিপিসি-৩, নোয়াখালীর যৌথ অভিযানে সম্রাটের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ২৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্ধার করা ইয়াবার পলিপ্যাকেটসহ মোট ওজন ২৭ গ্রাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।