মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার রূপসা থানায় দায়ের করা গুলি করে হত্যাচেষ্টা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—আশরাফুল (২৬) ও রিফাত খান (১৯)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার কাজদিয়া কলেজ মাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানায় গত ৮ জুন ২০২৬ তারিখে মামলা নম্বর-০৩ হিসেবে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৪, ৩২৬, ৩০৭, ৫০৬(২) ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার ভুক্তভোগী রূপসার তালতলা এলাকার শাহিনুর রহমান (৪৯)।
পুলিশ জানায়, এ মামলায় এর আগে গ্রেপ্তার হওয়া মনির গাজীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আশরাফুলের নাম উঠে আসে। এছাড়া মামলার তদন্তে রিফাত খানকে আসামি হিসেবে শনাক্ত করা হয়।
ডিবি পুলিশের ওসির সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ও আহমেদ হোসেনের নেতৃত্বে এসআই মোল্লা লুৎফর রহমান, এএসআই সেলিম, কনস্টেবল ইমরুলসহ ডিবির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।