মো. ইসমাইল হোসেন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফখরুল ইসলাম জিহাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শুরের পুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ ওই এলাকার কুরাইশ বেপারী বাড়ির জাকের নবী বাবুলের ছেলে। তিনি পেশায় দিনমজুর এবং এক সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে শুরের পুলের পাশে একটি নির্মাণাধীন ভবনে জিহাদকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক বছর আগে জিহাদ দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে পারিবারিকভাবে অশান্তি চলছিল বলে জানা গেছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণে জিহাদ আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।