মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিমের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের নামোনিমগাছি ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস করা হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদাসহ স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা অংশ নেন।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। এ জন্য নিজ নিজ বাড়ি, বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।