কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে হামলার অভিযোগ; ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
মো. আল-মাহফুজ শাওন, খুলনা।
খুলনা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মিছিল থেকে ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, ইটপাটকেল নিক্ষেপ ও একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া মওলাবাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঞ্জুরুল আলমের অভিযোগ, ঘটনার সময় তিনি নিজ বাসায় ছিলেন। এ সময় বাইরে থেকে ২০-২৫ জনের একটি মিছিলের ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন।
পরে তিনি বাসার ভেতরে প্রবেশের সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন মঞ্জুরুল আলম। এরপর মিছিলকারীরা বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেল ভাঙচুর এবং বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন বলেও তিনি দাবি করেন।
তবে ঘটনায় মঞ্জুরুল আলম শারীরিকভাবে আহত হননি।
খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, “এ ধরনের একটি ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।”
ঘটনাটি নিয়ে অভিযোগের সত্যতা ও কারা এ ঘটনায় জড়িত, তা পুলিশি তদন্তের মাধ্যমে জানা যাবে।