মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর লবণচরা থানা এলাকার একটি বাসা থেকে একটি রিভলবার, একটি রিভলবারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ ও ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানার টুটপাড়া সার্কুলার রোড এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া এলাকার বাসিন্দা এবং বর্তমানে টুটপাড়া সার্কুলার রোডে সাব্বিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশের তথ্যমতে, সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটে লবণচরা থানার ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবিদ হাসান রানা (৪১) নামে এক ব্যক্তির বাড়ির শয়নকক্ষের বিছানার নিচ থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়। আবিদ হাসান রানা ওই এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রফিক বাহিনীর সহযোগী বলে দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ আরও জানিয়েছে, তারা খুলনা মহানগরীর বিভিন্ন সহযোগীর কাছে অস্ত্র সরবরাহের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করতেন বলে তথ্য পাওয়া গেছে।
তবে এসব তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।